কানাডার টরেন্টোস্থ মিসিসাগার ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বুধবার শেষ হলো তিন দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক অ্যাপারেল টেক্সটাইল সোসিং কানাডা (এটিএসসি)। এতে বাংলাদেশের নকশী কাঁথা সমাদৃত হয়েছে।
২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই মেলায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ড, স্পেন, নেপালসহ ১২টি দেশ অংশ নেয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক এবং কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের তৈরি পোশাক ও বস্ত্র প্রস্তুতকারী পোশাকের ২৫টি স্টল বায়ারদের দৃষ্টি আকর্ষণ করে এবং আগের চেয়ে চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে অংশগ্রহণকারীরা জানান।
সচেতন হ্যান্ডি ক্রাপসে টরেন্টো প্রতিনিধি রুমী চৌধুরী ইত্তেফাককে জানান, বাংলাদেশের পোশাকের পাশাপাশি ঐতিহ্যবাহী রঙিন নকশী কাঁথাও কানাডায় সমাদৃত এবং প্রশংসিত। প্রদর্শনীতে অনেক কানাডিয়ান আগ্রহ প্রকাশ করেছে। রঙ্গিন নশী কাঁথার কারুকাজে তারা মুগ্ধ। অনুষ্ঠানের এক পর্যায় 'মেড ইন বাংলাদেশ' শীর্ষক ফ্যাশন শো প্রদর্শিত হয়।
ইত্তেফাক /জামান