দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

মন্থর গতির বোলিংয়ের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলংকার ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা। গতরাতে ক্যান্ডিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং-এর সময় তিন ওভার বেশি সময় নষ্ট করেছেন থারাঙ্গা। 
 
ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট ম্যাচ পরিচালনাকারী দুই অনফিল্ড আম্পায়ারের সাথে কথা বলে থারাঙ্গার বিপক্ষে এই শাস্তির সিদ্বান্ত নেন। এর আগে গেল জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে স্লো-ওভারের কারণে দু’ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন থারাঙ্গা। 
 
থারাঙ্গার জায়গায় পরের দুই ওয়ানডের জন্য টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমালকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। তবে ওয়ানডেতে লংকানদের দায়িত্ব কে পালন করবে, তা এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 
 
এছাড়াও দলে ডাকা হয়েছে ওপেনার লাহিরু থিরিমান্নেকে। কারণ দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যাথা পান নিয়মিত ওপেনার দানুস্কা গুনাথিলাকা। তাই পরের দু’ম্যাচের জন্য অনিশ্চিত গুনাথিলাকা। 
 
সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে হারে শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
 
ইত্তেফাক/ রেজা