আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তার দল বাংলাদেশের স্পিন আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত বলে জানালেন অস্ট্রেলিয়ান অফ-স্পিনার নাথান লিঁও। টেস্ট সিরিজের লড়াই শুরুর আগে লিঁও বলেন, ‘আমাদের চিন্তা একটাই- আমরা কী করতে যাচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে মুখিয়ে আছি। বাংলাদেশের স্পিন সামলাতে আমরা প্রস্তুত।’
এখনও পর্যন্ত ঠিক নয়, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথমটিতে কি ধরনের উইকেট হতে যাচ্ছে। তবে নিজেদের মাঠে খেলার সুবিধা নিয়ে স্পিন উইকেট বানাতে পারে বাংলাদেশ। যেমনটা সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলো টাইগাররা। স্পিন নির্ভর উইকেটে ছারখার হয়ে গিয়েছিলো ইংল্যান্ড।
ঐ স্মৃতি বাংলাদেশের যেমন মনে আছে, ঠিক তেমনি মনে আছে অস্ট্রেলিয়ারও। তাই উপমহাদেশের উইকেটের কথা চিন্তা করে, বাংলাদেশের স্পিনারদের সামলাতে প্রস্তুত অস্ট্রেলিয়াও। এমনই ইঙ্গিত দিলেন লিঁও, ‘স্পিনারদের জন্য এই টেস্ট একটি বড় মঞ্চ। ২০ উইকেট নেয়ার মত সক্ষমতা আমাদের বোলারদের আছে। দু’টি টেস্ট জেতার জন্যই আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি। মনে হচ্ছে এটি স্পিন সহায়ক উইকেট হবে। আমাদের দু’দলের জন্য সমান সুযোগ থাকছে। আমরা খুব আত্মবিশ্বাসী যে, আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো। বাংলাদেশের স্পিনারদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত এবং তাদের ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতেও আমরা তৈরি।’
শুধুমাত্র স্পিনারই নয়, দলের পেসারদের উপরও আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার স্পিনার লিঁও। তিনি বলেন, ‘আমাদের দলে খুব ভালো তিন পেসার জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড রয়েছে। এই কন্ডিশনে বৈচিত্র্যময় বোলিং করতে পারে তারা তিনজন। শ্রীলঙ্কায় ও ভারতে আমরা সেটি দেখেছি। আমার মনে হয়, এখানেও ভালো কিছু হবে। আমাদের বোলিং নিয়ে আমি খুশী।’
অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারানো সম্ভব বলে বলেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগারদের সেরা অস্ত্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিঁও বলেন, ‘প্রত্যেকের নিজের মতামত ও লক্ষ্য থাকে। আমাদেরও নিজস্ব লক্ষ্য আছে। কিন্তু আমি এখানে বসে থেকে আমাদের নিজের লক্ষ্যের কথা আপনাদের জানাচ্ছি না। আমরা হাসিমুখে ক্রিকেট খেলতে চাই। বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই করতে চাই। তারা ভালো দল। কিন্তু সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
বাংলাদেশকে স্পিন ঘূর্ণিতে ফেলতে লিঁও’র সাথে অ্যাস্টন আগারকেই খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান। এ ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও, নিজের অভিমত ব্যক্ত করেছেন লিঁও, ‘আমি ব্যক্তিগতভাবে তার বোলিং-এ অগ্রগতি দেখতে পাচ্ছি। সে এ মুহূর্তে ভালো বোলিং করছে। আমার মনে হয় সে তার নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী এবং সুযোগ পেলে ভালো খেলবে।’
ইত্তেফাক/ রেজা