বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি দুর্দান্ত হবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। আগামীকাল থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। ঢাকা টেস্টকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলনে স্মিথ এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘দারুণ একটি সিরিজ হবে। সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জের। আশা করি আমরা ভালো খেলতে সক্ষম হবো।’
প্রায় ১১ বছর পর তৃতীয়বারের মত দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তাই এই সিরিজকে নিয়ে উত্তেজনার পারুদ আকাশ ছোয়া। সিরিজ শুরুর আগ থেকে বাকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন দু’দলের খেলোয়াড়রা। তবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে আসন্ন সিরিজটি দুর্দান্ত হবে বলে মনে করেন স্মিথ।
তিনি বলেন, ‘আমার মনে হয় দুর্দান্ত একটি সিরিজ হবে। এটি আমাদের দলের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা ভারতের মাটিতে কি শিখেছি তা দেখার সুযোগ থাকবে এ সিরিজে। ভারতের উইকেটের সাথে এখানকার উইকেটের যথেষ্ট মিল রয়েছে। আশা করবো সেখানে আমরা যা শিখেছি তা কাজে লাগাতে পারবো এবং এতে কোন সন্দেহ নেই খুবই উপভোগ্য একটি সিরিজ হবে।’
বাংলাদেশের সাকিব আল হাসানেরর ২-০ ব্যবধানে সিরিজ জয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ বলেন, ‘অনেক বেশি আত্মবিশ্বাসী, তা কি নয়? আমার মনে হয়, বাংলাদেশ ১শ’ ম্যাচের মধ্যে মাত্র ৯টিতে জিততে পেরেছে। তো এটি অনেক বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বানী। কিন্তু তাদের বর্তমান সামর্থ্যের কারণে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা দেশের মাটিতে খেলবে। বেশির ভাগ দলই দেশের মাটিতে ভালো খেলে থাকে। বাংলাদেশও দেশের মাটিতে ভালো ক্রিকেট খেলে। তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জের।
মূল লড়াইয়ে নামার আগে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু ফতুল্লার মাঠে বৃষ্টির পানি মাঠে জমে যাওয়ায় প্রস্তুতি ম্যাচটি নিজেদের ইচ্ছাতেই খেলেনি অস্ট্রেলিয়া। প্রস্ততি ম্যাচ না খেললে, টেস্ট খেলার জন্য প্রস্তুত বলে জানালেন স্মিথ, ‘বৃষ্টির কারণে দুভার্গ্যক্রমে আমরা অনুশীলন ম্যাচ খেলতে পারিনি। এটি আমাদের হাতে ছিলো না। তবে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা টেস্ট খেলার জন্য প্রস্তুত।’
ঢাকা টেস্টের উইকেট নিয়েও কথা বলেছেন স্মিথ। তিনি বলেন, ‘উইকেট দেখেছি। বেশ মন্থর মনে হলো। সময়ের সঙ্গে স্পিন ধরবে। আমরা অবশ্য বিস্মিত নই। আমাদের যা দেওয়া হবে, সেটির সঙ্গেই দ্রুত মানিয়ে নিতে হবে। আশা করি, প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারব।’
বাংলাদেশ বোলারদের মধ্যে সাকিব ও মুস্তাফিজুরকে হুমকি মনে করছেন স্মিথ। তিনি বলেন, ‘এই কন্ডিশনে সাকিব খুবই ভালো বোলার। মুস্তাফিজুরও ভালো বোলার। তার স্লোয়ার ডেলিভারিগুলো আমার লক্ষ্য করেছি। যদি আমাদের বড় স্কোর করতে হয়, তবে আমাদের ভালো খেলতে হবে।’
টসের উপর গুরুত্ব দিচ্ছেন না স্মিথ। ঢাকা টেস্টের প্রথম সেশনে যাই করেন না কেন, সেটি ভালোভাবে করতে চান তিনি। স্মিথ বলেন, ‘টস আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তবে আগামীকাল সকালে আমরা যাই করি না কেন, সেটি ভালোভাবে করতে চাই। টসের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এটি ৫০-৫০। ’
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার কেমন হবে তাও বলে দিয়েছেন স্মিথ, ‘আমি নিজে, ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, নাথান লিঁও ও জশ হ্যাজেলউড খেলব এ ম্যাচে।’
ইত্তেফাক/রেজা