স্বপ্ন না দেখলে সামনে এগোনো যাবে না মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বপ্ন দেখেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তিনি তরুণ প্রজন্মের প্রতি দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখার আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন। হল শাখা ছাত্রলীগের সভাপতি নিপু ইসলাম তন্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তার সঞ্চালনায় এতে বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, হলের সাবেক সাধারণ সম্পাদক শিউলি আফসার, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, শামসুন নাহার হলের সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদী প্রমুখ।
সংস্কৃতিমন্ত্রী মুক্তিযোদ্ধা হওয়ার বয়সের বিষয়ে বলেন, ১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন শুনলে অনেকেই প্রশ্ন তুলে বলেন, এটা কী করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি দেখেছি, ১২-১৩ বছরের ছোট বালক গ্রেনেড-গোলা বারুদের ব্যাগ নিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা ছাড়া কি বলবো?
জাতীয় শোক দিবস উপলক্ষে অনেক সংগঠন নামসর্বস্ব অনুষ্ঠানের আয়োজন করে মন্তব্য করেন মন্ত্রী বলেন, অনেক অনুষ্ঠান দেখলে মনে হয় সেটা শুধু আনুষ্ঠানিকতা। না করলে জ্যেষ্ঠ নেতাদের চোখে পড়বে না, পিছিয়ে পড়বে- এসব কারণেই আয়োজন করা হয় মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য হলো তার কর্মকাণ্ড সম্পর্কে জানা।
আবিদ আল হাসান বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়। একাত্তরের মুক্তিযুদ্ধে তার ডাকে বিভিন্ন ধর্ম-বর্ণের সাড়ে সাত কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু এই আগস্টেই কেন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হবে? বঙ্গবন্ধুর আদর্শ সারা বছরের কর্মকাণ্ডে পালন ও লালন করতে হবে।
মোতাহার হোসেন প্রিন্স ছাত্রীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী থেকে দীক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানান।
ইত্তেফাক/জামান