রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তা

রাজধানীতে পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারা হলেন, যাত্রাবাড়িতে পুলিশ সদস্য কবির হোসেন (৩৫), কারওয়ান বাজারে ব্যাংক কর্মকর্তা ইরফান (২৬) ও তানভীর হোসেন মাসুম (২৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেমড়া থানার এএসআই আ. বাতেন জানান, কনষ্টেবল কবির ডেমড়া থানায় কর্মরত। বরিশাল থেকে কর্মস্থলে ফেরার সময় যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তার কাছে একটি মোবাইল এবং বিশ হাজার টাকা ছিল। তা পাওয়া যায়নি। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তা ইরফান ও তানভীরের রুমমেট রাশেদুল ইসলাম বলেন, তারা গোপীবাগ এলাকায় থাকেন। ইরফান ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সহকারী অফিসার পদে এবং তানভীর হোসেন মাসুদ বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা হেড অফিসের সহকারী অফিসার পদে কর্মরত। গতকাল বিকালে তারা দুজন একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। তাদের কাছে মোবাইল পাওয়া গেলেও মানিব্যাগটি পাওয়া যায়নি।

তেজগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান জানায়, সন্ধ্যায় কারওয়ান বাজার থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ফার্মগেট আল রাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাক/নূহু