ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট হাতে রেখে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড ৪৩ রানের লিড পাওয়ার দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সূচনা হয়েছিল। তবে শেষ বিকেলে সৌম্য সরকারকে হারানোই আঁফসোসের কারণ হয়ে রয়েছে। তথাপি ম্যাচ বাংলাদেশের পক্ষেই রয়েছে বলে মনে করছেন প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ। এখন তৃতীয় দিনে ধারাবাহিকতা ধরে রাখাটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের পক্ষেই আছে ম্যাচ। আশা করি কালকে ভালো করব। কালকের দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যাটসম্যানরা সবাই দায়িত্ব নিয়ে ভালো খেলতে পারি এবং একটা বড় লক্ষ্য দিতে পারি অস্ট্রেলিয়াকে তবে তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে।’
অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে কত রান টার্গেট হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আসলে এই উইকেটে আমরা যত রানই করি, আমরা লড়াই করতে পারব। প্রথম ইনিংসে দেখেছেন যে ২৬০ রান করেছি। পরবর্তীতে ২১৭ রানের মধ্যে আটকে দিয়েছি তাদের। আমাদের এখনও অনেক ব্যাটসম্যান আছে। কালকে ব্যাটিং করতে পারবে। যে রানই হোক, ওইটা নিয়ে আমরা লড়ব। সুনির্দিষ্ট বলতে পারব না যে ৩০০-৪০০ লাগবে। আসলে সুনির্দিষ্ট কিছু নেই। আমাদের লক্ষ্য অনেক বড় স্কোর গড়া। সুযোগ থাকলে যত বেশি সম্ভব আমরা করব। তবে দেখেছেন যে এই উইকেটে আমরা যদি ৩০০ প্লাস রান করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে।’
ব্যাট হাতে ৮৪ রান করার পর বল হাতে ৬৮ রানে ৫ উইকেট নেন বাংলাদেশের বিশ্বসেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তাই সাকিবের প্রশংসা করে মিরাজ বলেন, ‘সাকিব ভাই তো তিনটি সংস্করণেই অলরাউন্ডার হিসেবে দাপট দেখাচ্ছেন। ভালো লাগে যে নিজেদেও দেশের এমন একজন আছে, এমন একজন অলরাউন্ডারের সঙ্গে খেলতে পারছি। খুব ভালো লাগে। তার কথা বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি সাকিব ভাই অনলি ওয়ান। আমার কাছে খুব ভালো লাগছে যে উনি এত রেকর্ড গড়ছেন আর আমি তার সঙ্গে খেলছি। অনেক অভিজ্ঞতা উনি ভাগাভাগি করেন আমাদের সঙ্গে।’
সূত্র : বাসস
ইত্তেফাক/কেআই