ঢাকা টেস্টের দ্বিতীয় দিনশেষে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড ৮৮ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ২১৭ রান। তাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৩ রানের লিড নিয়ে। এ অবস্থায়ও অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আশাবাদী। দলটির স্পিনার অ্যাস্টন অ্যাগার।
রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ উইকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। বল যখন এভাবে ঘুরে, খুব দ্রুত যেকোনো কিছু ঘটতে পারে। আজ বেশ কিছু বল লাফিয়ে উঠেছিল। আমরা আশাবাদী, কাল ওদের দ্রুত অলআউট করে দিতে পারব। বিশ্বাস করি, যেকোনো লক্ষ্য তাড়া করতে পারব আমরা।’
অ্যাগার প্রথম ইনিংসে বল হাতে নিয়েছিলেন তিন উইকেট। ব্যাট হাতেও দলকে দুঃসময়ে সহায়তা করেছেন।| দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন। প্যাট কামিন্সকে নিয়ে নবম উইকেটে ৪৯ ও শেষ উইকেটে ২৪ রানের জুটিতে ব্যবধান কমিয়েছেন তিনি। অলরাউন্ড নৈপুণ্য দেখানো অসি ক্রিকেটার তৃতীয় দিনের কন্ডিশন সম্পর্কে বলেন, ‘পিচের ভালো অংশ অত খারাপ নয়। তবে সেখানেও আস্তে আস্তে স্পিন করছে। আগামী কদিন খুব কঠিন পরীক্ষা নেওয়া হবে আমাদের। আস্তে আস্তে ব্যাট করা আরও কঠিন হয়ে যাচ্ছে।’
ইত্তেফাক/কেআই