যে কোনো কিছু হতে পারে : তামিম

ঢাকা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। আর অস্ট্রেলিয়ার করতে হবে ১৫৬ রান। তৃতীয় উইকেটে ওয়ার্নার-স্মিথের অবিচ্ছিন্ন জুটিটা শেষ বিকেলে ম্যাচের পাল্লাকে অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকিয়ে দিয়েছে। তবে এখনও ম্যাচে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বলে মনে করছেন দুই ইনিংসে হাফসেঞ্চুরিয়ান বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
 
মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজকে আমাদের কাছে সুযোগ ছিলো লিড বাড়িয়ে ৩০০এর বেশি করার। সেদিক দিয়ে কিছুটা হতাশ। ৩০০ হলে সুবিধা হতো। উইকেটের কথা বলবো যে, এটা আনপ্রেডিক্টেবল। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে।’
 
গত অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডকে ২৭৩ রানের টার্গেট দিয়েছিলো বাংলাদেশ। এরপর বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে ইংলিশরা। সেখান থেকে ১০৮ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেকথা স্মরণ করিয়ে তামিম বলেন, ‘ইংল্যান্ডের ম্যাচটার মতোই পরিস্থিতি। কাল আমাদের ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। উইকেটের জন্য নয়, ডট বলের জন্য বল করি যদি বল করি তাহলে চাপ দিতে থাকলে উইকেট আসবে। যে দুজন উইকেটে আছে, তারা ওদের সেরা ব্যাটসম্যান। যতো দ্রুত তাদের আউট করতে পারবো, ততো সুযোগ থাকবে আমাদের।’
 
ইত্তেফাক/কেআই