ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে মা ও তার তিন শিশু দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

দগ্ধ চারজন হলেন, ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। এদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, তাদের ঘর থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড দেখি। তখন তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। বাসার সিলিন্ডার লিকেজে আগুন ধরেছে।

আরও পড়ুন: বোরকা পরে নুসরাতের গায়ে আগুন দেওয়া হয়

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইত্তেফাক/এমআরএম