বন্যা দুর্গতদের সাহায্যার্থে মালয়েশিয়া আওয়ামী লীগের অনুদান

 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের জন্য ২০ লাখ টাকার অনুদান দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
 
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মালয়েশিয়া আওয়ামী লীগের একটি ১১ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।সাক্ষাৎ শেষে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। তার মধ্যে মালেয়শিয়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২০ লাখ টাকা ও বাংলাদেশ কমিউনিটি জহুর ও জহুর প্রদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
 
এ সময়ে উপস্থিত ছিলেন মালেয়শিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল হামিদ জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান ডাবলু, হুমায়ূন কবির আমির, আবুল হোসেন।তাছাড়া বাংলাদেশ কমিউনিটি জহুরের সভাপতি ও জহুর প্রদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আহমেদ সাহাজাহান, সহ-সভাপতি মো. ফাহিমের নেতৃত্বে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন সংগঠনের নেতা জিল্লাল হুসাইন, সারফিন মিয়া, ও মো. শামিম।
 
মালয়েশিয়া আওায়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা বলেন, বাংলাদেশের যে কোন দুর্যোগের সময় অন্যান্য প্রবাসীদের পাশাপাশি মালেয়শিয়া আওয়ামী লীগ সর্বদা পাশে ছিল এবং আগামীতে থাকবে। নিমতলি অগ্নিকাণ্ডের সময় মালেয়শিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে আমরা অনুদান দিয়েছিলাম।
 
উল্লেখ্য, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তার প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন,  শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
 
ইত্তেফাক/জামান