রাস্তায় গরু দেখতে এসে শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরে ঈদের দিন শনিবার রাস্তায় গরু দেখতে এসে রাস্তার পাশে থাকা স্টিলের র‌্যাক মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তামিম (৫)। তার পিতা আকতার হোসেন পেশায় গার্মেন্টস কর্মী। তারা ১২৫/খ দঃ পীরেরবাগের বাসিন্দা।

ঈদের দিন সকালে বাসার কাছে গরু জবাই দেখতে যায় তামিম। এ সময় রাস্তার পাশে থাকা স্টিলের র‌্যাক তার মাথার ওপর পড়ে। এলাকার লোকজন আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়। তামিম এর বাবা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিবার দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প পুলিশ এস. আই. বাচ্চু মিয়া।

ইত্তেফাক/নূহু