দীর্ঘ দিন পর আগামী সপ্তাহে নিজ দেশের ভক্তদের সামনে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান দল।
পাকিস্তানের নতুন বোলিং সেনশেসন হাসান আলী শুক্রবার বলেছেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশের বিপক্ষে অনুষ্ঠিতব্য এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে বোল্ড আউট করতে চান তিনি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি ২৩ বছর বয়সী আলী বলেন, তারকা খচিত বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে তার যেন তর সইছে না। দীর্ঘ আট বছর পর পাকিস্তানের মাটিতে এটাই সর্বোচ্চ আন্তর্জাতিক সূচি।
গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে আলী সাংবাদিকদের বলেন, ‘নিজ মাটি পাকিস্তানে এটাই হবে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিজ দেশে সমর্থকদের সামনে খেলতে পেরে আমি খুবই এক্সাইটেড।’
২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় আট ব্যক্তি নিহত ও নয় ব্যক্তি আহত হওয়ার পর এক ঘরে হয়ে পড়া পাকিস্তান নিজেদের ‘হোম’ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে বাধ্য হয়।
আলী বলেন, ঐ ঘটনার জন্য তিনি দু:খিত, ব্যথিত। তবে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরে আসা খেলোয়াড়দের বিশেষ করে আমলার প্রতি তার নজর থাকবে।
তিনি বলেন, ‘বিশ্ব একাদশ ভাল একটি দল, সেখানে ভাল ভাল খেলোয়াড়রা রয়েছেন, আমি সবার বিপক্ষেই ভাল বোলিং করার চেষ্টা করবো। বিশেষ করে হাশিম আমলাকে আমি আউট করার চেষ্টা করবো। কেননা তার উইকেট আমাকে অনেক বেশি আনন্দ দেবে।’
স্ট্রাইক বোলার মোহাম্মদ আমিরের সঙ্গে জুটি বেঁধে যত বেশি সম্ভব উইকেট নেয়ার চেষ্টা করবেন বলেও জানান আলী।
তিনি বলেন, ‘ব্যাটিংয়ের ন্যায় বোলিংয়েও পার্টনারশিপ আছে। একজন বোলার ভাল করতে না পারলে অপরজন চেষ্টা অব্যাহত রাখেন। সুতরাং এখানে কোন প্রতিদ্বন্দ্বিতা নেই।’
গাদ্দাফি স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর শুরু হওয়া সিরিজের জন্য নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য নিয়োগ করেছে পাকিস্তান।
ইত্তেফাক/রেজা