আফকন ফাইনালের বিতর্ক: আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

আফ্রিকান ফুটবলের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিতর্কের নিষ্পত্তি হতে যাচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে মরক্কো ও সেনেগালের মধ্যকার ম্যাচ ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার রায় জানাবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।

তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই রায়ের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেনেগালের আপিল খারিজ করে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সিদ্ধান্ত বহাল রাখতে যাচ্ছে আদালত। তাতে মরক্কোর চ্যাম্পিয়ন হওয়ার পথই পরিষ্কার হচ্ছে।

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে মাঠের লড়াই শেষ হলেও ম্যাচের বিতর্ক থামেনি। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে অবশ্য তারা আবার মাঠে ফিরে খেলায় অংশ নেন। শেষ পর্যন্ত পাপে গুয়েরের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।

কিন্তু মাঠের সেই জয় নিয়ে আপত্তি তোলে মরক্কোর ফুটবল ফেডারেশন। তাদের অভিযোগ, রেফারির অনুমতি ছাড়া সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়া প্রতিযোগিতার নিয়মের লঙ্ঘন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে মার্চের মাঝামাঝি সময়ে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। একই সঙ্গে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয় সংস্থাটি।

সিএএফের এই সিদ্ধান্তের পেছনে ছিল আফকনের ৮২ নম্বর অনুচ্ছেদ। এই নিয়ম অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া কোনো দল খেলা ছেড়ে মাঠ থেকে বেরিয়ে গেলে কিংবা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত ঘোষণা করা যেতে পারে, এমনকি প্রতিযোগিতা থেকে বহিষ্কারের বিধানও রয়েছে। এই ধারার ভিত্তিতেই সেনেগালের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয় আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সিএএফের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সেনেগাল। দেশটির ফুটবল কর্তৃপক্ষের আইনি লড়াই শেষ পর্যন্ত গড়ায় সিএএসে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েক মাস ধরে দুই পক্ষের যুক্তি, পালটা যুক্তি ও বক্তব্য পর্যালোচনা করেছে আদালত। সেই পর্যালোচনা শেষে সিএএফের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে রায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও আদালতের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য রায় ফাঁসের খবর নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাদের বিশ্বাস, আইনি দিক থেকে নিজেদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। তাদের মতে, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি স্পষ্ট নিয়মভঙ্গ, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। যদিও সেনেগালের অবস্থান ছিল, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তারা এমন পদক্ষেপ নিয়েছিল।

তবে এখন পর্যন্ত রায়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতেই মরক্কোর পক্ষে সিদ্ধান্ত যাওয়ার খবর ছড়িয়েছে। শেষ পর্যন্ত আফকনের ট্রফি মরক্কোর কাছেই থাকবে, নাকি সেনেগাল ফিরে পাবে তাদের মাঠের অর্জন—সেটি নিশ্চিত করবে সিএএসের আনুষ্ঠানিক রায়।

ইত্তেফাক/এমএসআর