আরেকটি গ্র্যান্ডস্লাম জয়ের প্রহর গুনছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। শনিবার সেমিফাইনালে ২৪তম বাছাই আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রোকে হারিয়েছেন তিনি। ফাইনালে নাদালের প্রতিপক্ষ ২৮তম বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন। আগামী সোমবার (রাত ২টায়) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
দেল পেত্রোর বিপক্ষে প্রথম সেটে হার দিয়ে সেমিফাইনাল শুরু করেন নাদাল। তবে হারের পরই জ্বলে উঠেন নাদাল। পরের তিন সেটে পোত্রোকে দাঁড়াতেই দেননি তিনি। ৬-০, ৬-৩ ও ৬-২ গেমে পরের তিন সেট জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন নাদাল।
সেমিফাইনালে জয়ের পর নাদাল বলেন, ‘ইনজুরি কাটিয়ে ওঠার পর গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের প্রথম সুযোগ এটি। এই সুযোগকে কাজে লাগিয়ে শিরোপা জিততে চাই।’
IMG0
এদিকে ২ ঘন্টা ৫৫ মিনিটের লড়াই শেষে দ্বাদশ বাছাই স্পেনের কারিনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারান এন্ডারসন। ফাইনালে এখন নাদালের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। দুজনের চারবারের মুখোমুখি লড়াইয়ে জয় নেই এন্ডারসনের।
ফাইনাল ম্যাচ নিয়ে এন্ডারসন বলেন, ‘নাদাল বিশ্বসেরা খেলোয়াড়। তার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আর গ্র্যান্ডস্লামের ফাইনাল তো আরও কঠিন ব্যাপার। তারপরও শিরোপা জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমি।’
ইত্তেফাক/কেআই