অনিয়মিত শিক্ষকদের হাতে হাবিপ্রবি’র ভিসি ৫ ঘণ্টা অবরুদ্ধ

চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেমকে সোমবার ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে লিভ ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগকৃত বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনিয়মিত শিক্ষকদের এ দাবিকে অযৌক্তিক দাবি বলে উল্লেখ করেন। অন্যদিকে আন্দোলনরত অনিয়মিত শিক্ষকরা এ বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি।
 
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, হাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক ছুটি নিয়ে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ নেওয়ার জন্য দেশে-বিদেশে গেছেন। এ সব শিক্ষকের বদলে তাদের ছুটিকালীন সময়ে ক্লাস নেওয়ার জন্য লিভ ভ্যাকেন্সির ভিত্তিতে অনিয়মিতভাবে নিয়োগ করা হয় অর্ধশত শিক্ষককে।
 
অনিয়মিত শিক্ষকরা চাকরি স্থায়ীকরণ এবং নিয়োগের দিন থেকে সময় হিসেব করে পদোন্নতিসহ তিন দফা দাবিতে সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ভাইস চ্যান্সেলরসহ বেশ কিছু শিক্ষক ও কর্মকর্তা। বিকাল ৫টায় আন্দোলনরত শিক্ষকরা নিজেরাই তালা খুলে দেন।
 
ভাইস চ্যান্সেলর বলেন, এ সব শিক্ষককে লিভ ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের এখতিয়ার তার নেই। উদ্ভূত পরিস্থিতির কথা স্বীকার করে সোমবার বিকাল সাড়ে ৫টায় তিনি জানান, আপাতত সমস্যার সমাধান হয়েছে।
 
ইত্তেফাক/কেকে