সাকিবকে ছাড়াই আফ্রিকাগামী দল

 
ছুটি নিয়েছেন একজন সাকিব আল হাসান। কিন্তু নির্বাচকদের তার বদলে খুঁজতে হচ্ছে দুজন ক্রিকেটারকে। কারণ, সাকিব তো একাধারে দেশের সেরা ব্যাটসম্যান এবং দেশের সেরা বোলার!
 
বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া দল গঠন যে একটা অস্বাভাবিক চ্যালেঞ্জের কাজ, সেটা গতকাল প্রকাশ্য সংবাদ সম্মেলনে স্বীকার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পরিষ্কার বললেন, ‘ওর নামটা দল গঠনের ক্ষেত্রে সবার আগে লিখতে হয়। ও সেরা ব্যাটসম্যান, সেরা বোলার। ওকে ছাড়া দল গঠন অবশ্যই খুব চিন্তার ব্যাপার ছিল।’ শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জটা নির্বাচকদের নিতে হয়েছে। কারণ, এর আগেই সাকিব আল হাসানকে অন্তত দুটি টেস্টের জন্য বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কাছে ছয় মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা আগের দিনের ঘটনা। গতকাল বোর্ড আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে যে, এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টের জন্য ছুটি দেওয়া হয়েছে। তবে সাকিব চাইলে যে কোনো সময় দলে যোগ দিতে পারবেন।
 
ফলে সাকিবকে ছাড়াই করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাগামী টেস্ট দল। দলে উল্লেখযোগ্য ঘটনা বলতে, এবার দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ যাচ্ছে পাঁচ জন পেসার নিয়ে। পেসার পাঁচ জন হলেন— মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শুভাশিস রায় চৌধুরী।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে স্কোয়াড ছিল বাংলাদেশের, সেখান থেকে এ স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও নাসির হোসেন। নাসিরের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, বাউন্সি কন্ডিশন বলে তিনি জায়গা পাননি। এ ছাড়া দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও শুভাশিস। এর মধ্যে মাহমুদউল্লাহ পরপর দুটি সিরিজ মিস করার পর আবার টেস্ট দলে এলেন। প্রধান নির্বাচক বলেছেন, দেশের বাইরে ও বাউন্সি কন্ডিশনে তার কার্যকারিতা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর