এমবিবিএস ভর্তিতে ৫ নম্বর কাটা সংক্রান্ত আদেশ বিষয়ে আপিল শুনানি ৩ অক্টোবর

নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আদেশ বিষয়ে আপিল বিভাগে আগামী ৩ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।
 
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ এ আদেশ দেন। বাসস’কে এ তথ্য জানান রিটকারী আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
 
তিনি জানান, নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস,বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। 
 
গত ১২ সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এমবিবিএস,বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আদেশ দেয়।
 
রিটের পক্ষে আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ বাসস’কে বলেন, একই সঙ্গে আদালত নম্বর কেটে নেয়ার ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে।
 
ইউনুস আলী আকন্দ বাসস’কে বলেন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণদের পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। গত ২১ আগস্টের পত্রিকায় স্বাস্থ্য অধিদফতরের ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনি বলেন, এমবিবিএস,বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ৬নং অনুচ্ছেদ অনুসারে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে, অন্যদের কাটা হবে না। এটি সমতার লঙ্ঘন। এ সিদ্ধান্ত বৈষম্যমূলক। 
 
ওই সিদ্ধান্ত ‘মৌলিক অধিকারের পরিপন্থী’ অভিযোগ করে গত ২৭ আগস্ট এই রিট আবেদন দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। বাসস।
 
ইত্তেফাক/রেজা