মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার বৃহস্পতিবার এবং গত ১০ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেন। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গত ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনা তুলে ধরে এই প্রতিবাদলিপিতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো ঘটনা পুনরায় যাতে না ঘটে সে বিষয় নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রতিবাদলিপিতে দাবি জানিয়ে বলা হয়, এই ধরনের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। -বাসস।
ইত্তেফাক/জামান