স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার লাখ লাখ রোহিঙ্গা মুসলিম ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আশ্রয় দিয়েছে। তবে এত রোহিঙ্গা রাখার ক্ষমতা আমাদের নেই। তাই মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। অবশ্যই এসব রোহিঙ্গাদের স্ব-সম্মানে মিয়ানমারে ফেরত নিতে হবে।
গতকাল শনিবার ১৪ দলের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে দুপুর আড়াইটার দিকে ১৪ দলের প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এক প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, রোহিঙ্গা সমস্যাকে পুঁজি করে একটি মহল দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশবাসীকে সজাগ থাকতে হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মিয়ানমার সরকারের উচিত জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা।
প্রতিনিধি দলে আরো ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, মহেশখালী ও কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর