ইবিতে ১৪ কোটি টাকার পাঁচটি প্রকল্প উদ্বোধন

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রায় ১৪ কোটি টাকার পাঁচটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১০ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। প্রকল্প পাঁচটিতে মোট ১৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকার ব্যয় হবে।
 
প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়য়ের উন্নয়ন ও সম্পূর্ণ আবাসিকায়নের লক্ষ্যে মেগা প্রজেক্টের অংশ হিসেবে পাঁচটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তা ভবন, ৫ তলা প্রভোস্ট হাউজ টিউটর কোয়াটার, মেডিকেল সেন্টার দ্বিতলকরণ, ৫০০ কেবিএ সাব স্টেশন নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পানির লাইন স্থাপন করা হবে।
 
প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জমান টুটুল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
এবিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করতে ও কর্ম পরিবেশ আরো বেগবান করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। একই সাথে মেগা প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।'
 
ইত্তেফাক/জামান