জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় ধারাবাহিকভাবে ৫ বছর লোকসান দেয়া সোনালী ব্যাংকের শাখাসমূহের তালিকা প্রদান এবং প্রয়োজনে এসব শাখা বন্ধ করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, শাহানারা বেগম মে. জে. এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) এবং ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন। সভায় বেসিক ব্যাংক ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রতিবেদন এবং সোনালী ব্যাংকের বিষয়ে কমিটির দশম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ প্রকল্প এবং শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউট স্থাপন প্রকল্পের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন,জমি অধিগ্রহণ এবং কনস্ট্রাকশন নির্মাণসহ সকল বিষয়ে একটি হালনাগাদ পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ১ মাসের মাসের মধ্যে প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে। সভায় সোনালী ব্যাংকের ২০১৫-২০১৬ সালের অডিট সংক্রান্ত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।
সভায় জানানো হয়, সোনালী ব্যাংকে ২০ ঋণ খেলাপির প্রতিষ্ঠানের নাম, মালিকের নাম ও পদবী উল্লেখ এবং ওই সব ঋণ খেলাপির বিষয়ে ঋণ আদায়ের জন্য ২০ জন ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া সভায় বেসিক ব্যাংকের ৫০ কোটি টাকার উপরে যে সকল প্রতিষ্ঠান ঋণ খেলাপি রয়েছে তাদের নামের তালিকাসহ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বেসিক ব্যাংক থেকে প্রদান করা ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে, এর সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পরিচালনা পর্ষদের বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা কমিটিকে জানানোর পরামর্শ দেয়া হয়। এ ছাড়া ৫৭টি কোম্পানিকে বিনা ডকুমেন্টে ঋণ প্রদান ও যে ৭টি প্রতিষ্ঠানের কোন ঠিকানা পাওয়া যায়নি সে বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আগামী জানুয়ারি মধ্যে কমিটির নিকট প্রদানের সুপারিশ করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, আইএমইডির সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,সোনালী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সাব্বির