রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা

সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি বলেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে আশ্রয় ও বেসরকারি সংস্থাসমূহকে প্রবেশ করতে দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে।
 
সফররত ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের নেতা রুশনারা আলী রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সশস্ত্র বাহিনীর সহিংসতার কারণে সৃষ্ট মানবিক সংকটের কথা তুলে ধরে রুশনারা আলী বলেন, সংখ্যালঘু জাতিসত্তার জনগণের ওপর মিয়ানমার সরকারের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য থেকে অবশ্যই বাংলাদেশে সাহায্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশ্বাস দেন। শক্তিশালী অবকাঠামোসহ রেলওয়ে সেক্টরের উন্নয়নেও বিনিয়োগ করার জন্য তিনি ও তার প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন। তিনি সামনের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য ব্রিটিশ কোম্পানিগুলো থেকে লাভজনক রফতানিমুখী ঋণ গ্রহণেরও প্রস্তাব দেন। চলতি বছর মার্চ মাসে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক ডায়লগ ও লর্ড আহমদ অফ উইমবলডনের সফরের প্রসঙ্গ উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হয়েছে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
 
ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমপি রুশনারা আলী সফরকালে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
এদিকে ব্রিটিশ পার্লামেন্টে ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর সভাপতি মিস অ্যান মেইন এমপির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। চলতি সপ্তাহে তারা কক্সবাজারে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। বাসস
 
ইত্তেফাক/এমআর