প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে রাত্রিযাপন করে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন। যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সরকারি সফরে যাওয়ার পথে গতকাল শনিবার প্রধানমন্ত্রী আবুধাবিতে বসবাসরত মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় রাত্রিযাপন করেন। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট এয়ারবাস এ৩৮০-৮০০ গতকাল রবিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১১টায় (বাংলাদেশ সময় সোয়া ১টা) নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে নিউইয়র্কে জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরের অনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। শনিবার দপুর ২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট ‘অরুণ আলো’ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। একই দিন স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শুরু হয়েছে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিবেন। প্রধানমন্ত্রী ৫১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রধানমন্ত্রী আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যাযের বৈঠকে যোগ দিবেন। একই দিন জাতিসংঘ সদর দফতরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবুজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নিবেন শেখ হাসিনা।
আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় গিয়ে সপ্তাহখানেক অবস্থানের পর আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
ইত্তেফাক/আনিসুর