জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

টানা দুই ম্যাচ পয়েন্ট খোয়ানোর পর স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলের এই জয় পায় লস ব্লাঙ্কোসরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো না ফিরলেও ওয়েলস তারকা গ্যারেথ বেল ম্যাচে দারুণ খেলেছেন, যা জিনেদিন জিদানের জন্য বিলম্বে হলেও খুশির সংবাদ।
 
খেলার ১৯ মিনিটে অবশ্য স্ট্রাইকার বোর্জা মেয়রালের গোলের সূচনা করেন। সান্তিয়াগো বার্নাব্যুতে নাম লেখানোর পর এটিই স্প্যানিশ স্ট্রাইকারের প্রথম গোল। সোসিয়েদাদকে অবশ্য আশার আলো দেখাচ্ছিলেন রদ্রিগেজ। ৯ মিনিটের ব্যবধানে খেলায় সমতা ফেরাতে সক্ষম হন তিনি। এতে টানা তৃতীয় ম্যাচে ড্রয়ের শঙ্কায় পড়ে যায় রিযাল।
IMG0
তবে যে রদ্রিগেজকে দিয়ে আশার আলো দেখছিল সোসিয়েদাদ খেলার ৩৬ মিনিটেই তিনি হিরো থেকে ভিলেনে পরিণত হন। গোলপোস্টের সামনে একটি বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান তিনি। এতে প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল। খেলার ৬১ মিনিটে প্রায় ডি বক্সের অনেকটা বাইরে থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে এগিয়ে যান গ্যারেথ বেল। সেখান থেকেই সোসিয়েদাদের গোলরক্ষককে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। সেই সুবাদে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
IMG1
এতে লা লিগায় চার ম্যাচের সবকটিতেই অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চারে। এখনও শীর্ষে থাকা মেসির বার্সেলোনা থেকে চার পয়েন্ট পেছনে রয়েছে জিনেদিন জিদানের দল। লা লিগায় দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়াল ৩-০ গোলে অ্যালাভেসকে, সেভিয়া ১-০ ব্যবধানে গিরোনাকে, লাস পালমাস ১-০ ব্যবধানে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে।
 
ইত্তেফাক/কেআই