সেনা মোতায়েন ও না ভোট চালুর দাবি ন্যাপ ও পিডিপির

নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা, তফশিল ঘোষণার পর সংসদ ভেঙে দেয়া, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, ‘না’ভোট চালুসহ নির্বাচন কমিশনকে ২১ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। 
 
আর লটারির মাধ্যমে সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ, ‘না’ভোট চালু করা ও কেন্দ্র ভিত্তিক সেনাবাহিনী মোতায়েনসহ ১৭টি প্রস্তাব দিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
 
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে দল দুটি এসব প্রস্তাব তুলে ধরে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।  
 
বেলা ১১টায় শুরু হওয়া সংলাপে বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়াসহ দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ‘নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনসহ ২১ দফা প্রস্তাব দেয় দলটি।
 
এদিকে একইদিন বিকালে সংলাপে অংশ নিয়ে পিডিপি ১৬ দফা প্রস্তাব দিয়েছে ইসিকে। দলটির চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী অসুস্থ থাকায় তার স্ত্রী ও দলের কো-চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশীর নেতৃত্বে মহাসচিব এম হোসেনসহ ১৭ সদস্য সংলাপে অংশ নেন।
 
 
ইত্তেফাক/ইউবি