কানাডার টরেন্টোতে গত রবিবার শেষ হলো দু'দিনের জমজমাট ফোবানা সম্মেলন ২০১৭। 'অনুভবে চেতনায় আমাদের বাংলাদেশ' শীর্ষক এবারের ৩১তম ফোবানা অনুষ্ঠিত হলো টরেন্টোস্থ ডেল্টা হোটেলে। এই সম্মেলনে কানাডার বিভিন্ন শহর ছাড়াও আমেরিকা থেকে দর্শক-শ্রোতা অংশ নেয়।
অনুষ্ঠানের প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করেন কনক চাপা, কলকাতার 'সারেগামাপা' এবং স্থানীয় শিল্পীবৃন্দ। আর শেষ দিনে মঞ্চ মাতিয়ে তুলেন মেহের আফরোজ শাওন, তাহসান খান, জহির আলীম প্রমুখ। গানের এক পর্যায়ে তিন গুণী ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। তারা হলেন আব্দুল আলীম, হুমায়ুন আহমেদ এবং নায়ক রাজ রাজ্জাক।
সম্মেলন সম্পর্কে মেহের আফরোজ শাওন প্রতিক্রিয়ায় বলেন, এই প্রথম কানাডায় আসা। এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে- টরেন্টোতে একটা মিনি বাংলাদেশ দেখছি। আর তাহসান বলেন, প্রথম কানাডায় পারফর্মেন্স করতে এলাম। এই সম্মেলনের আয়ের অর্থ বন্যার্তদের দেয়া হবে, এটা একটা ভালো উদ্যোগ। জহির আলীম বলেন, আমিও প্রথম কানাডায় এলাম। এই আনন্দের চেয়ে বেশি ভালো লাগছে বাবার প্রাপ্ত সম্মাননা!
আগামী অক্টোবর মাসের ৬, ৭ ও ৮ তারিখ অপর একটি ফোবানা অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মায়ামী শহরে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কনভেনর আবু জুবায়ের দারা ইত্তেফাককে জানান, আমাদের ফোবানা রেজিস্ট্রিকৃতএবং অনুমোদিত। অনুষ্ঠানের শেষে ঘোষণা দেয়া হয়- আগামী বছর ১, ২ সেপ্টেম্বর ৩২তম ফোবানা অনুষ্ঠিত হবে কানাডার রাজধানী অটোয়ায়।
ইত্তেফাক/জামান