সম্প্রতি কারা অধিদপ্তর কারারক্ষী পদে লোক নেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন করেছেন আগ্রহী প্রার্থীরা।
সম্প্রতি কারারক্ষী পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। ক্যারিয়ার নিয়ে যারা একটু চিন্তিত তাদের জন্য এবারে এসেছে সরকারি চাকরিতে নিজেকে নিযুক্ত করা, দেশের সেবা ও ক্যারিয়ার গড়ার সুযোগ।‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ এই স্লোগানকে সামনে নিয়ে কারা প্রশাসন দেশের কারাগারসমূহে আগত বিপথগামী লোকজনকে সঠিক পথে ফিরিয়ে এনে তাদেরকে আবার সমাজে ফিরিয়ে দেওয়াই হচ্ছে তাদের মূল্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সঙ্গে নিয়েই সম্প্রতি এই নিয়োগের মাধ্যমে বেশকিছু লোকবল নিয়োগ দেবে কারা কর্তৃপক্ষ।
আবেদনের জেলাসমূহ
বিজ্ঞপ্তি অনুযায়ী পুরুষ কারারক্ষীর ক্ষেত্রে ময়মনসিংহ, মানিকগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, গাইবান্ধা ও বান্দরবান জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারেননি। মহিলা কারারক্ষীর ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ,গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম,কিশোরগঞ্জ, বান্দরবান, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, বরগুনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, কারারক্ষী পদে পদে আবেদন জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে এসএসসি পাসের সনদ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনকারীর বয়স হতে হবে ১ সেপ্টেম্ব ২০১৭ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে এবং প্রার্থী যে জেলার বাসিন্দা, কেবল সেই জেলার প্রার্থী হিসেবে এ পদে নিয়োগের জন্য উপস্থিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হয়- উচ্চতা কমপক্ষে ১.৬৭ মিটার, বুক কমপক্ষে ৮১.২৮ সে.মি. এবং ওজন কমপক্ষে ৫২ কেজি হতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার, বুক ৭৬.৮১ সেমি এবং ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হয়।
যে কাগজপত্র লাগবে
আবেদনের যাবতীয় কার্যক্রম শেষে প্রার্থীদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এজন্য প্রথমেই বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে। বাছাই পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীকে প্রতিটি সার্টিফিকেটের মূল কপির সঙ্গে অতিরিক্ত ১ কপি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া নমুনা ফরমের অনুকরণে পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ বা সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে স্থায়ী নাগরিকত্বের সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি
প্রার্থীদের প্রথমে শারীরিক মাপ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে দেড় ঘণ্টার ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর আগে এই পদে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে যে ধরনের প্রশ্ন হয় সে হিসেবেই প্রশ্ন করা হয়েছিলো তাই এসএসসি উত্তীর্ণের প্রশ্নের মান যে ধরনের হয়ে থাকে, লিখিত পরীক্ষার প্রশ্ন তেমনই হবে। লিখিত পরীক্ষার বিষয় থাকবে চারটি—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাস হতে হবে। তবে জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কোটাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
পরীক্ষার প্রস্তুতি
যেহেতু আবেদনকারীদের শিক্ষগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস তাই , আবেদনকারীরা নবম-দশম শ্রেণির পাঠ্য বইগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে একজন শিক্ষার্থীতে যে বিষয়গুলো খেয়াল করা জরুরি এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে সেবিষয়গুলোই জরুরি বলে ধারণা করা হচ্ছে। এই পদে বিগত পরীক্ষায় এসএসসি লেভেলের প্রশ্নই ছিলো। প্রার্থীরা চাইলে বিগত বছরের প্রার্থীদের থেকে ধারণা নিতে পারেন।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত একজন কারারক্ষী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া বিধি মোতাবেক প্রাপ্য ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। একজন কারারক্ষী তার দক্ষতা ও যোগ্যতা এবং বিভিন্ন বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান কারারক্ষী, প্রধান কারারক্ষী, সর্বপ্রধান কারারক্ষী, সার্জন ইন্সপেক্টর পর্যন্ত হতে পারবেন।
ইত্তেফাক/কেকে