ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে টি-২০ না খেলেই দেশে ফিরে যাবেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এ্যাশেজ টুর্নামেন্টে সতেজ রাখার জন্যই সংক্ষিপ্ত ভার্সনে অংশ না নিয়ে কামিন্সকে দেশে ফিরতে বলা হয়েছে।
ইনজুরিগ্রস্ত কামিন্স চলমান পাঁচ ওয়ানডে সিরিজ খেলবেন। তবে আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন না।
দলের প্রধান নির্বাচক ট্রেভর হন্স এক বিবৃতিতে বলেন, ‘ইনজুরির কারণে দীর্ঘ সময় খেলার বাইরে থাকার পর প্যাট মাঠে ফিরে এ বছর নজরকাড়া ক্রিকেট খেলেছেন।’
‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর শারীরিকভাবে তিনি বেশ ভাল আছেন। তবে এ্যাশেজের আগে পুরোপুরি সতেজ থাকার জন্য তাকে দেশে ফিরিয়ে আনাই ভাল হবে বলে আমরা মনে করছি। এতে শেফিল্ড শিল্ডে চার দিনের ম্যাচের আগে তিনি মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সতেজ থাকবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ২৩ নভেম্বর শুরু হবে এ্যাশেজ টেস্ট সিরিজ।
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে কামিন্সের বদলীর সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে জানিয়েছে ক্রিকেটে অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/রেজা