দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। অতিথি হয়ে খেলতে গিয়ে লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে এসেছে জার্গেন ক্লপের শিষ্যরা। এর ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান টেবিলের ৫ নম্বরে। অপরদিকে লেস্টার সিটি সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।
টানা তিন ম্যাচ জয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত সূচনা হয়েছিল অল রেডসদের। এরপর ম্যানসিটির বিপক্ষে বড় হার আর বার্নলির সঙ্গে ড্র’তে ধুকছিল লিভারপুল। এবার লেস্টার সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দলটি। শনিবার রাতে খেলার ১৫ মিনিটে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে ফিলিপে কুটিনহোর ক্রসে হেডের সাহায্যে লেস্টারের জাল ভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড।
২৩ মিনিটে কুটিনহো ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের বাঁকানো ফ্রি-কিকে পরাস্ত হন লেস্টারের গোলরক্ষক কাসপের স্মাইকেল। যোগ করা সময়ে শিনজি ওকাজাকির গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় লেস্টার। এতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। ৬৮তম মিনিটে লিভাপুরলের পক্ষে আরেক গোল করেন জর্ডান হেন্ডারসন। জেমি ভার্ডির গোলে আবারও গোলশোধ করে লেস্টার। তবে শেষ বাঁশি বাজানোর আগে ৩-২ ব্যবধানটা ভাঙতে পারেনি তারা। তাই লিভারপুল আদায় করে নেয় পূর্ণ তিন পয়েন্ট।
ইত্তেফাক/কেআই