দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে অনেকদিন ধরেই দুর্দান্ত খেলছে তারা। ঘরের মাটিতে নৈপুণ্য দেখানোর পর দক্ষিণ আফ্রিকা সফরেও নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রস্তুতি ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘শেষ কয়েক বছর সত্যি বাংলাদেশ ভাল খেলছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের এই সামর্থ্যটা ধরে রাখা। দেশের মাটিতে যখন সবসময় আমরা আত্মবিশ্বাসী। তবে এই সফরটা আমাদের জন্য সহজ হবে না। এরপরও এটাই আমাদের পরবর্তী ধাপ। আমরা আফ্রিকাতেও ভাল খেলতে চাই। নিজেদের প্রমাণে এটা বড় এক সুযোগ।’
দক্ষিণ আফ্রিকায় পেসারদের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। সেই দলে আবার দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই। এরপরও দল নিয়ে আশাবাদী মুশফিক। তিনি বলেন, ‘সাকিব এমন একজন ক্রিকেটার, যার কোনো বিকল্প নেই। তবে পেসারদের বিপক্ষে খেলার চ্যালেহ্জ নিতে তামিম, মাহমুদউল্লাহ দলে আছে। তাছাড়া সাব্বির-মুমিনুলরা সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করছে। আশা করছি মিডল অর্ডারে দায়িত্বটা তারা নেবে। তারা অনভিজ্ঞ হলেও দক্ষ। যদি স্পিনাররা উইকেটে কিছু সুবিধা পায় তবে তাদেরও ভাল করার সুযোগ আছে।’
উল্লেখ্য, চলতি সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফরের চূড়ান্ত লড়াই।-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/কেআই