জিদানদের বাবা-ছেলের দ্বৈরথ হলো না

লা লিগায় পিতা বনাম পুত্র দ্বৈরথ দেখার স্বপ্ন অধরাই থেকে গেল ফুটবলপ্রেমীদের। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে জিনেদিন জিদান শনিবার রিজার্ভ বেঞ্চেই ছিলেন। কিন্তু তাঁর ছেলে এনজো ফার্নান্দেজকে এ দিন রিয়ালের বিরুদ্ধে আঠারো জনের তালিকাতেই রাখেননি দেপোর্তিভো আলাভেস ম্যানেজার।
 
বাবা-ছেলের লড়াই না দেখার হতাশা রিয়াল সমর্থকরা কিছুটা ভুললেন দল জয়ের সরণিতে ফেরায়। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেটিসের বিরুদ্ধে হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছেড়েছিলেন তাঁরা। এ দিনও গোল পেলেন না সি আর সেভেন। আলাভেস-এর বিরুদ্ধে জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক দানি সেবায়োস। জোড়া গোল করে রিয়ালকে জেতালেন ২-১ ব্যবধানে।
 
দল জয়ে ফিরলেও উচ্ছ্বসিত নন জিদান। ম্যাচের পর রিয়াল ম্যানেজার বলেছেন, ‘তিন পয়েন্ট পেলেও সময়টা আমাদের ভাল যাচ্ছে না। এ দিনও হয়তো আমাদের পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হতো।’ লা লিগায় পরপর দু’টো ম্যাচেই গোল না করে মাঠ ছাড়লেন রোনালদো। যদিও তা নিয়ে চিন্তিত নন জিদান। তাঁর বক্তব্য, ‘সামনে এখনো লম্বা মৌসুম বাকি আছে।’
 
ইত্তেফাক/কেআই