কানাডায় অনুষ্ঠিত হলো বইমেলা ‘ওয়ার্ড অন দ্য স্ট্রিট’

 
কানাডার টরন্টোতে প্রতিবারের মতো  এবারও  অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমজমাট বইমেলা- ‘ওয়ার্ড অন দ্য স্ট্রিট’। স্থানীয় সময় রবিবার টরন্টোর ডাউন টাউনের হারবার ফ্রন্ট লেকের পাড়ে এই বইমেলা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ, নানামুখী সেমিনার, নাটক, টক শো, লেখক-পাঠক-প্রকাশকের আড্ডা, খ্যাতিমান লেখকদের অটোগ্রাফ, হ্রাসকৃত মূল্যে ভালো ভালো বইসহ নানান রকম আয়োজনে উৎসবমুখর পরিবেশে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ‘ওয়ার্ড অন দ্য স্ট্রিট’।
 
এবার বইমেলায় অংশ নেন টরন্টোস্থ পয়েট লরিয়েট কবি এবং ঔপন্যাসিক ফ্রান্স ইটানি, এমাজনের বেষ্ট সেলার কথাশিল্পী অ্যানি মাইকেলস, ভ্যাংকুভারের গভর্নর জেনারেল পুরস্কারপ্রাপ্ত লেখক ডাভিড চারিঅ্যান্ডি, ডাভিড সুজুকি, ইয়ান হানিংটন, রনি সেক্সমিথ, টেরি ফেলিস, পিটার উনোইন, এমা ডংগিসহ বিভিন্ন প্রকাশনী সংস্থা এবং কানাডার নামীদামী কবি-সাহিত্যিক, লেখক।  
 
অনুষ্ঠানে নানা ধরণের পুরষ্কার দেয়া হয়। টরন্টো বুক অ্যাওয়ার্ড ২০১৭ লাভ করে ‘এনি আদার ওয়ে’ বইটি।  তরুণদের গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ী হন এলহাম এম আলী তার ‘দ্য নাইট এ পাওয়ারফুল’ গল্পের জন্য।  উল্লেখ্য, টরন্টোর পাশাপাশি কানাডার বিভিন্ন শহরেও এই বইমেলা  অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এমআর