পিএসজিতে মানিয়ে নিতে নেইমার ও এমবাপের সময় লাগবে : আনচেলত্তি

নতুন চুক্তিবদ্ধ দুই তারকা নেইমার ও কাইলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট-জার্মেইতে মানিয়ে নিতে আরো কিছুটা সময় লাগবে বলে বিশ্বাস করেন বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি।
 
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো ব্যয় করে দলবদলের বাজারে ইতিহাস রচনা করেছে। এরপর এক বছরের ধারে লীগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো থেকে ফ্রেঞ্চ তারকা এমবাপেকে উঁড়িয়ে এনেছে। ধারে খেলতে আনলেও আগামী বছর এই চুক্তি আকর্ষণীয় মূল্যে স্থায়ী করা হবে বলে আভাস পাওয়া গেছে। এই দু’টি ট্রান্সফারই পিএসজিকে বিশ্ব ক্লাব ফুটবলে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। 
 
কিন্তু পিএসজি’র সাবেক কোচ আনচেলত্তি মনে করেন নেইমার ও এমবাপে যত বড় মাপের খেলোয়াড়ই হোক না কেন, নতুন ক্লাবে, নতুন পরিবেশে মানিয়ে নিতে তাদের কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। পিএসজি’রও বিষয়টি অনুধাবন করতে হবে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের মাধ্যমে পার্ক ডি প্রিন্সেসে ফিরে আসছেন আনচেলত্তি। ২০১১-১৩ দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন আনচেলত্তি। সেই অভিজ্ঞতা থেকেই এই ইতালিয়ান বলেছেন, নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজি নতুন করে ক্লাবের অস্তিত্ব খোজার চেষ্টা করবে। বায়ার্নে আবার এই বিষয়টি একেবারেই স্পষ্ট। এখানে বায়ার্নের অস্তিত্ব একটা পর্যায়ে চলে এসেছে, পিএসজিতে যা এখনো হয়নি। যদিও পিএসজি ধীরে ধীরে বিশ্ব ফুটবলে নিজেদের সেরা পর্যায়ের খেলা উপহার দিচ্ছে। যখন কোন খেলোয়াড়কে এই পর্যায়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কোন ক্লাব দলভুক্ত করবে, বিপরীতে তার থেকেও সেই মানেরই কিছু আশা করবে। যদিও এজন্য ঐ খেলোয়াড়কেও নতুন ক্লাবের সাথে মানিয়ে নিতে যথেষ্ট সময় দিতে হবে। এটাই তাদের মূল চ্যালেঞ্জ। 
 
২০১৩ সালে ক্লাব ছাড়ার পরে আবারো পিএসজিতে ফিরে আসতে পেরে বেশ উত্তেজনা অনুভব করছেন আনচেলত্তি। গত কয়েক বছরে পিএসজি দারুণ উন্নতি করেছে বলেও আনচেলত্তি মনে করেন। বিশেষ করে বিশ্ব মানের খেলোয়াড় দলে নিতে তারা কোন কার্পণ্য করেনি, এটাই একটি বড় ক্লাবের মূল লক্ষ্য হওয়া উচিত। সমর্থকদের পাশাপাশি পার্ক ডি প্রিন্সেসে পুনরায় খেলতে এসে থিয়াগো সিলভা, আদ্রিয়েন রাবোয়িত, থিয়াগো মোত্তা, মার্কো ভেরাত্তি, জেভিয়ার পাস্তোরদের মত খেলোয়াড়দের সাথে আবারো মিলিত হতে মুখিয়ে আছেন বায়ার্ন বস। বাসস।
 
ইত্তেফাক/রেজা