প্রতিটি ধর্মীয় উত্সবেই অতিথি আপ্যায়নের লক্ষ্যে ঘরে ঘরে নানা আয়োজন চলে। দুর্গাপূজাতেও তাই। এই ক’টা দিন ঠাকুর দেখা, আরতি, অঞ্জলিসহ নানা কিছুর মাঝেও অতিথি আপ্যায়ন তো করতেই হয়। পূজায় পেটপূজাকে উপভোগ্য করে তোলার জন্য রইলো এ রেসিপিগুলো-
টক বেগুন
উপকরণ :বোঁটাসহ কেটে নেওয়া বেগুন ৪টা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ ও তেল পরিমাণমতো।
প্রণালি :বোঁটাসহ কেটে নেওয়া বেগুনগুলোকে অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এবার তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে তেঁতুল ও চিনি বাদে সব মসলা গুলে তেলের মধ্যে ঢেলে দিতে হবে। মসলা কসানো হয়ে গেলে বেগুনগুলো দিয়ে পানি দিতে হবে। পানি কমে শুকিয়ে এলে তেঁতুলের ক্বাথ ও চিনি দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।
মিষ্টি কুমড়া ভাজি
উপকরণ :কিউব করে কাটা মিষ্টি কুমড়া, হলুদ, লবণ, চিনি, কাঁচামরিচ, কালো জিরা, তেল পরিমাণমতো।
প্রণালি :মিষ্টিকুমড়া কিউব করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে কালো জিরা সম্বর দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিতে হবে। এবার একে একে হলুদ, লবণ, চিনি, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
ভুনা খিচুড়ি
উপকরণ :পোলাওয়ের চাল ১ কেজি, মুগ ডাল আধা কেজি, চিনি, হলুদ, জিরার গুঁড়া, শুকনা মরিচ, তেজপাতা, কাঁচা মরিচ, আদা, গোটা দারুচিনি ও এলাচি, তেল, ঘি পরিমাণমতো।
প্রণালি :কড়াইতে তেল গরম করে আদা কুচি, শুকনা মরিচ, তেজপাতা, গোটা দারুচিনি ও এলাচি দিয়ে তারপর পোলাওয়ের চাল ও ডাল দিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় চিনি, হলুদ, লবণ, জিরার গুঁড়া একসঙ্গে দিয়ে দিতে হবে। চাল ও ডাল ভাজা হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। চাল ও ডাল ফুটে গেলে কাঁচা মরিচ ও ঘি ছড়িয়ে দিয়ে খিচুড়ি দমে বসাতে হবে। পানি শুকিয়ে খিচুড়ি ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিতে হবে।
জলপাই চাটনি
উপকরণ :জলপাই ২৫০ গ্রাম, হলুদ, লবণ, গোটা শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা, গোটা সরিষা, আদাবাটা, জিরার গুঁড়া, কাঁচামরিচ, চিনি বা গুড় পরিমাণমতো।
প্রণালি :জলপাই অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হলে জলপাই নামিয়ে অল্প চটকে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে শুকনা মরিচ, তেজপাতা, গোটা সরিষা ও কালি জিরা ফোড়ন দিয়ে জলপাই দিয়ে দিতে হবে। একে একে হলুদ, লবণ, আদাবাটা, জিরাবাটা দিয়ে অল্প পানি দিতে হবে। পানি কমে এলে পরিমাণমতো চিনি বা গুড় এবং কাঁচামরিচ কুচি দিয়ে নামাতে হবে।
লাবড়া
উপকরণ :মিষ্টি কুমড়া, বেগুন, ঝিঙা, চিচিংগা, পটল, আলু, পেঁপে, ডাটা, কাঁচকলা, পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, আদাবাটা, চিনি ও তেল পরিমাণমতো।
প্রণালি :সবজি চৌকো করে কেটে নিতে হবে। তারপর হালকা ভাপ দিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও তেজপাতা সম্বর দিয়ে সবজি দিয়ে দিতে হবে। একে একে হলুদ, লবণ, আদা বাটা দিয়ে ঢেকে দিতে হবে। সবজি হয়ে এলে জিরার গুঁড়া এবং চিনি ছড়িয়ে দিয়ে নামাতে হবে।
ইত্তেফাক/কেকে