বাকৃবিতে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে শেষ

 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর রাতে বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ওই অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিকেরা।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে জব্বারের মোড়ের তুর্য্য মেডিকাল কর্নারে আগুন লাগার সূত্রপাত ঘটে। পরে পাশের বইয়ের দোকান সোহেল এন্টারপ্রাইজে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন ঘটনাস্থলে উপস্থিত হন।
 
ক্ষয়ক্ষতির ব্যাপারে সোহেল এন্টারপ্রাইজের মালিক মো. সেহেল বলেন, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ১০ লাখ টাকার বই এবং প্রায় দুই লাখ টাকার মোবাইল সামগ্রী নষ্ট হয়। অন্যদিকে ত্যুর্য মেডিকেল ফার্মেসীর মালিক মো. মোতালেব বলেন, তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ঔষধ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।
 
ইত্তেফাক/জামান