পচেফস্ট্রুমে দ্বিতীয় দিনের খেলা শুরু

পচেফস্ট্রুমে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের এক ‍উইকেটে ২৯৮ রান নিয়ে শুক্রবার প্রথম ইনিংসে ফের ব্যাটিং শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ডিন এলগার ও হাশিম আমলা এদিন পুনরায় ব্যাট হাতে নেমেছেন|
 
এর আগে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনটা হতাশা দিয়েই কেটেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ‍ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে প্রোটিয়ারা। দুজনে মিলে ১৯৬ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়েন।
 
অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭) এ সময় রান আউট হলে প্রোটিয়াদের প্রথম উইকেটের পতন ঘটে। তবে নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। অপরপ্রান্তে আমলাও দাঁড়িয়ে যান খুটির মতো। দিনশেষে ১০২ রান তোলে অবিচ্ছিন্ন ছিলেন আমলা-এলগার জুটি; এলগার ১২৮ ও আমলা ৬৮ রানে অপরাজিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই