‘বাংলাদেশ এবং গ্রীসের মধ্যে সহযোগিতার অফুরন্ত সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ নিবিড়তর করার প্রয়োজন।’
আজ দুপুরে এথেন্সের সংসদ ভবনে গ্রীস সফররত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে গ্রীসের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি ও গ্রীসের সংসদে বাংলাদেশ-গ্রীস পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ গ্রুপের সদস্যদের মতবিনিময়কালে একথা বলা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এর নেতৃত্বে এ প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আফসারুল আমিন এমপি, ইকবালুর রহিম এমপি, নুরুন্নবী চেীধুরী এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা। গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনও সভায় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে বাংলাদেশ প্রতিনিধিদল ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমের কথা উলেখ করেন। সম্প্রতি মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গ্রীসসহ সব দেশের ভূমিকা রাখার জন্য সভায় আহ্বান জানানো হয়। বাংলাদেশ এবং গ্রীসের মধ্যে সম্পর্ক দৃঢ়তর করার লক্ষ্যে সংসদসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপরও জোর দেয়া হয়। এছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি বিষয়ে
বর্ধিত সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে প্রতিনিধিদল এথেন্সে War Museum পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই