জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরছেন জার্ভিস

আবারো জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরছেন পেসার কাইল জার্ভিস। ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার ছেড়ে আবারো জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করার কথা নিজেই জানিয়েছেন জার্ভিস।
 
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার মাত্র দুই বছর পর ২০১৩ সালে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেন ২৮ বছর বয়সী জার্ভিস। তবে কাউন্টি দলটির সঙ্গে চুক্তি করলেও পুনরায় নিজ দেশের হয়ে খেলার সুযোগ রাখেন।
 
গত চার বছরে নিজকে দেশের সেরা পেসারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডান হাতি এ বোলার।
 
জার্ভিসের আগে ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহামশায়ার ছেড়ে জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেইলর।
 
জার্ভিস বলেন, ‘অবশ্যই ল্যাঙ্কাশায়ারে গত চার বছর আমি উপভোগ করেছি। এটা বিশেষ এটা স্থান এবং এখানে আমি চমৎকার কিছু বন্ধু পেয়েছি। ঐতিহাসিক এ ক্লাবটিতে খেলতে পেরে আমি গর্বিত। এখানে সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।’
 
তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরার সিদ্ধান্তটি বেশ কঠিন। তবে নিজ দেশে ফেরা এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা বিশেষ কিছু। প্রকৃত অর্থেই আমি এটা চাই।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা