অশোভন অঙ্গভঙ্গির কারণে ডেলে আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই আগামী মাসে স্লোভেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারছেন না এই ইংলিশ মিডফিল্ডার।
চলতি মাসে ওয়েম্বলিতে স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলী ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন্ট টারপিনের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করেন। পরবর্তীতে যা ক্যামেরায় ধরা পড়ে। এই ধরনের আচরণের জন্য সাধারণত চার ম্যাচ নিষিদ্ধের আইন রয়েছে। যদিও আলি বলেছেন, এটা তিনি রেফারিকে উদ্দেশ্য করে নয়, তার সাবেক টটেনহ্যাম সতীর্থ কাইল ওয়াকারের প্রতি ক্ষিপ্ত হয়ে করেছেন।
ফিফা জানিয়েছে, ২১ বছর বয়সী আলির এই ধরনের আচরণ কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এটা সম্পূর্ণভাবে অখেলোয়াড়সুলভ আচরণ। এ জন্য তাকে এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫ হাজার সুইস ফ্র্যাংক জরিমানাও করা হয়েছে।
আগামী মাসে স্লোভেনিয়া ও লিথুনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য ইংলিশ দলে ডাক পেয়েছিলেন আলি। নিষেধাজ্ঞার কারণে এখন তিনি ৮ অক্টোবর লিথুনিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্লোভাকিয়া।
ইত্তেফাক/কেআই