বিশ্বসেরা লেগ-স্পিনারের জন্য পাকিস্তানের ইয়াসির শাহকে চ্যালেঞ্জ করতে পারে ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব বলে জানান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। ভারতের নয়া সেনসেশন কুলদীপের বোলিংয়ের প্রশংসাও করেছেন ওয়ার্ন। নিজ টুইটার অ্যাকাউন্টে কুলদীপের প্রশংসা করে অস্ট্রেলিয়ার সেরা স্পিনার বলেন, ‘কুলদীপ যদি সেরা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সে ইয়াসিরকে ভবিষ্যতে চ্যালেঞ্জ ছুড়ে দিবে।’
গেল মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে কুলদীপের। ঐ টেস্টেই বল হাতে চমক দেখান তিনি। ঐ সিরিজে দুই ম্যাচে অংশ নিয়ে ৯ উইকেট শিকার করেন কুলদীপ। ফলে ভারতের ওয়ানডে দলেও সুযোগ পেয়ে যায় এই বাঁ-হাতি স্পিনার।
If young Kuldeep remains patient when he’s bowling in all forms then he could challenge Yasir as the best leg spinner in the world & quickly
— Shane Wae (@ShaneWae) October 1, 2017
গেল জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে কুলদীপের। তবে সদ্যই শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্টিক করে ভবিষ্যতের তারকা হিসেবে নিজেকে তুলে ধরেন কুলদীপ। তাই কুলদীপের এমন বোলিং পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার ওয়ার্ন। ইয়াসিরকে চ্যালেঞ্জ দেয়ার মত বোলার কুলদীপ বলে মনে করেন তিনি, ‘কুলদীপ যদি একটু ধৈর্য ধরে বোলিং করে, তবে সে সব রকম ফরম্যাটেই সেরা লেগ স্পিনার হওয়ার দৌড়ে দ্রুত ইয়াসিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ম্যাচে অংশ নিয়ে হ্যাটট্টিকসহ সাত উইকেট নেন কুলদীপ। তার পারফরমেন্সের প্রশংসা করে টুইটারে ওয়ার্ন লিখেন, ‘গতবার ভারতে এসে ওর সঙ্গে দেখা করে বশ ভাল লেগেছিল। ওর বোলিং দেখতে সত্যিই ভাল লাগে। ব্যাটসম্যানদের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদেরও দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছিলো সে। ওয়ানডে সিরিজে এর ব্যতিক্রম ছিলো না। দুর্দান্ত বোলিং করেছে সে। তাই হ্যাটট্টিক করার মত যোগ্য বোলার কুলদীপ।’
তবে ভবিষ্যতে আরও ভালো করতে হলে বোলিংয়ে আরও উন্নতির কথা বলেন ওয়ার্ন, ‘কুলদীপের বোলিংয়ে দারুণ সব ডেলিভারি রয়েছে। তবে ভবিষ্যতে ভালো করতে হলে তাকে আরও উন্নতি করতে হবে এবং পরিশ্রমও করতে হবে। কারণ প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দ্রুতই তার টেকনিকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আরও বেশি ভালো বোলিং করতে হবে এবং আরও নতুন নতুন অস্ত্র সংগ্রহে রাখতে হবে।’ ভারতের হয়ে ২ টেস্টের পাশাপাশি ১১টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচ খেলেছেন কুলদীপ। ওয়ানডেতে ১৮টি ও টি২০-তে ৩ উইকেট নেন ২২ বছর বয়সী কুলদীপ। টুইটার/ বাসস।
ইত্তেফাক/রেজা