রূপালী ব্যাংক নিউ ইয়র্কে রেমিট্যান্স হাউজ খুলবে। এই লক্ষে ব্যাংকের চেয়ারম্যানসহ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা বাংলাদেশি বিভিন্ন রেমিট্যান্স হাউজও পরিদর্শন করবেন। এছাড়াও প্রবাসীদের বাংলাদেশে এপার্টমেন্ট ক্রয় ও নিজ জমিতে বাসভবন তোলার জন্যে ঋণ দেয়ার চিন্তা-ভাবনা করছেন।
আমেরিকান বাংলাদেশি চেম্বার (এবিসিসিআই) সূত্র এ তথ্য জানিয়েছে। এবিসিসিআই আগামী ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ব্যালেজিনো পার্টি হলে আয়োজন করেছে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের সমস্যা এবং উত্তরণ বিষয়ে ‘অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের। উক্ত সেমিনারে যুক্তরাষ্ট্র সফররত রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন প্রধান অতিথি এবং রূপালী ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধান বিশেষ অতিথি হিসেবে থাকবেন।
এবিসিসিআই’র নির্বাহী প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান জানান, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের রেমিট্যান্স। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থের উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ২৯ বিলিয়ন বা ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অতি ক্ষুদ্র একটি দেশ হলেও তার অর্থনীতির গতিপ্রবাহ দিন দিন বিশ্বকে বিস্মিত করছে। আর এ কারণেই রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের সমস্যা এবং উত্তরণ বিষয়ে ‘অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এএম।