ফিজিতে সরকারি সেবা দেবে এটুআই’র সার্ভিস ট্র্যাকার

সাউথ প্যাসিফিক রাষ্ট্র ফিজির প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ইউএনডিপি বাংলাদেশ এবং ইউএনডিপি ফিজি-এর সহায়তায় এটুআই কর্তৃক নির্মিত স্টার্ট টু ফিনিস (এসটুএফ) সার্ভিস ট্র্যাকার সম্প্রতি ফিজির নোভায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সাউথ সাউথ কো-অপারেশন বৃদ্ধিতে ফিজির মহিলা, শিশু ও দারিদ্র বিমোচন বিষয়ক স্থায়ী সচিব ড. জোসেফা করোভূয়েতা প্রধান অতিথি হিসেবে এই ট্র্যাকার সিস্টেমটি উদ্বোধন করেন। তিনি স্টার্ট টু ফিনিস (এসটুএফ) সার্ভিস ট্র্যাকার সিস্টেমটিকে ‘আন্ডার আর অ্যান্ড ডি বাট রেডি টু ইউজ’ নামে আখ্যায়িত করেন এবং সিস্টেমটি তৈরিতে সহায়তা প্রদান করার জন্য বিশেষভাবে এটুআই, ইউএনডিপি বাংলাদেশকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিওবার্তার মাধ্যমে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী যোগদান করেন। অনুষ্ঠানে ইউএনডিপি ফিজির রিচ প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড্রে হারিংটন, এটুআই-এর চিফ স্ট্রাটেজিস্ট (ই-গভার্নেন্স) মো. ফরহাদ জাহিদ শেখ, এটুআই-এর লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও উপসচিব মো. পারভেজ হাসান, সফট বিডি লিমিটেড এর প্রধান নির্বাহী আতিকুল ইসলাম খান এবং জাপান দূতাবাস, ইউএনডিপি প্যাসিফিক এর প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এটুআই-এর চিফ স্ট্রাটেজিস্ট (ই-গভার্নেন্স) মো. ফরহাদ জাহিদ শেখ তার মূল্যবান বক্তৃতায় এই পাইলট উদ্যোগের জন্য স্থায়ী সচিব, ড. জোসেফা করোভূয়েতার নেতৃত্বের প্রশংসা করেন এবং এই সিটিজেন ডিজিটাল সার্ভিসের সফল বাস্তবায়নের মূল কারণ হিসেবে সার্ভিসের সময়, খরচ ও ভিজিটের পরিমাণ কমিয়ে আনা তথা টিসিভি দক্ষতার গুরুত্ব উল্লেখ করেন । এসটুএফ সার্ভিস ডেলিভারি ট্র্যাকার একটি ইন্টারনেট ভিত্তিক অ্যাপ্লিকেশন সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে ফিজির নাগরিকগণ অনলাইনে তাদের বিভিন্ন সেবার আবেদনের পাশাপাশি সার্ভিস ডেলিভারির অবস্থান ট্র্যাকিং করতে পারবেন। অন্যদিকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সেবাপ্রদানকারি বিভাগ কর্তৃপক্ষ রীচ প্রজেক্ট সার্ভিস সিডিউল ঠিক রেখে সঠিক সময়ে এসএমএস বা ইমেইলে অটোমেটিক নোটিফিকেশন পাঠাতে পারবে এবং অনলাইনে দ্রুত সার্ভিস ডেলিভারির কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এর মাধ্যমে ফিজির নাগরিকগণের সেবা প্রাপ্তিতে সময়, ব্যয় এবং যাতায়াত এর পরিমাণ কমিয়ে আনবে। ইউএনডিপি ফিজি ও রিচ প্রজেক্ট এর অর্থায়নে ইউএনডিপি বাংলাদেশ ও এটুআই এর কারিগরি সহায়তায় ফিজির মহিলা, শিশু ও দারিদ্র বিমোচন মন্ত্রণালয় ফিজির নাগরিকদের জন্য উক্ত সিস্টেমটি বাস্তবায়ন করছে।