বুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি। তার ওপর আবার ইনজুরির খড়গ। তামিম ইকবাল এমনিতেই আছেন মাঠের বাইরে। এর ওপর আবার আরেক ওপেনার ইমরুল কায়েস চোটের কারণে প্রথম দিন বেশিরভাগ সময় ফিল্ডিং করতে পারেননি। তবে শনিবার দ্বিতীয় দিনে ইমরুল মাঠে ফিরবেন, এমনটাই আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
শুক্রবার স্লিপে ফিল্ডিং করার সময় হাঁটুতে বল লাগে ইমরুলের। ম্যাচের ৩৫তম ওভারে মাঠ ছাড়েন তিনি। ২ ঘণ্টা ৩৬ মিনিট ফিল্ডিংয়ের পর ৫ ঘণ্টা মাঠের বাইরে ছিলেন এই ওপেনার। এখন দ্বিতীয় দিনে ইমরুল ফিরবেন আশা করে মুশফিক বলেন, ‘ইমরুলের হাঁটুতে খালি চোখে কোনো চিড় বা ভাঙন বোঝা যায়নি। তবে অনেক সোয়েলিং হচ্ছে। শনিবার মাঠে নামার আগে ফিজিওর সঙ্গে কথা বলব। সে যদি ফিট থাকে তাহলে মাঠে ফিরবে।’
প্রথম ম্যাচে খেলা তামিম উরুর চোটের কারণে ছিটকে পড়েন বাইরে। দলের বাইরে পেসার শফিউলও। সব মিলিয়ে দলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুশফিক বলেন, ‘এই ব্যাপারটাকে আমি এক শব্দে বলতে পারি, দুর্ভাগ্য। আগের ম্যাচে চোট পাওয়ায় তামিমের কাছ থেকে সেরাটা পেলাম না। কাঁধের চোটের জন্য শফিউল (ইসলাম) এই ম্যাচে খেলতে পারেনি। এখন ইমরুল চোটে পড়ল। আশা করি, ও ধাক্কা সামলে কাল মাঠে ফিরবে।’
ইত্তেফাক/কেআই