হেইঙ্কসেই আস্থা রাখল বায়ার্ন মিউনিখ

চতুর্থবারের মতো বায়ার্ন মিউনিখের কোচ হলেন ইয়ুপ হেইঙ্কস। অবসর ভেঙে ফের কাজে যোগ দিচ্ছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ সময় পর্যন্ত ক্লাবটির কোচিংয়ের দায়িত্ব পালন করবেন ৭২ বছর বয়সী এই জার্মান কোচ।
 
এর আগে কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্তের পর তার সহকারী উইলি সাইনলকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছিল জার্মান জায়ান্টরা। তবে নতুন কোচও সুবিধা করতে পারছিলেন না। তাই দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে হেইঙ্কসকে নতুনভাবে নিয়োগ দিল দলটি। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ৩০ জুন ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালনে রাজি হয়েছেন হেইঙ্কস। আগামী সোমবারই কোচের দায়িত্ব বুঝে নেবেন তিনি। তার সহযোগী থাকবেন পিটার হারমান ও হারমান গেরলান্ড।
 
২০১৩ সালে ঐতিহাসিক ট্রেবল জিতিয়ে বায়ার্নে ইতিহাসে সেরা কোচ হয়েছিলেন হেইঙ্কেস। তখন তার সঙ্গে ছিলেন এই সহকারী দুজনও। হেইঙ্কেসের বায়ার্নে এটি চতুর্থ দফায় কাজে যোগদান। ১৯৮৭-৯১ পর্যন্ত বায়ার্নে প্রথম দফায় কোচের দায়িত্ব পালন করেন হেইঙ্কস। ২০০৯ সালে ফের অন্তবর্তীকালীন কোচ হিসেবে ফিরেছিলেন অ্যালিয়াঞ্জ এরিনায়। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল সময় কাটানোর পর কোচিং ক্যারিয়ার থেকে অবসরে যান তিনি।
 
আগের মোট তিন মেয়াদে তিনটি বুন্দেসলিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতেছেন হেইঙ্কস। বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার অভিযানে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
 
ইত্তেফাক/কেআই