ফেডারেশন অব বাংলাদেশি আমেরিকান ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩১তম সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন, যুক্তরাষ্ট্র সফররত পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মূলধারার সাংবাদিক তাসনিম মাহফুজ ও মাহফজুর রহমান। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক।
এদিকে ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল সেমিনার, সিম্পোজিয়াম, ফোবানা এক্সিকিউটিভ কমিটির বার্ষিক সভা, আমেরিকান ব্যবসায়ীদের সম্মানে মধ্যাহ্নভোজন, চলচ্চিত্র প্রদর্শনী, মুলমঞ্চে ফোবানা স্বাগতিক কমিটি ও এক্সিকিউটিভ কমটির সদস্যদের পরিচয়। ফ্লোরিডার মায়ামি শহরের হায়াত রিজেন্সি হোটেলে সকাল ১১টায় শুরু হয় ফোবানা এক্সিকিউটিভ কমিটির বার্ষিক সভা। পাশাপাশি শুরু হয় মেডিকেল, আইটি, শিল্প সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে নানা সেমিনার। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় আমেরিকান ব্যবসায়ীদের সম্মানে ফোবানা বিজনেস পাওয়ার লাঞ্চ।
ওই মধ্যাহ্নভোজনে প্রধান অতিথি ছিলেন ছিলেন- পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুর ১টায় অনুষ্ঠানের মুলমঞ্চে শুরু মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আবীর আলমগীরের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান নাটক ইত্যাদি পরিবেশনায় অংশগ্রহণ করে নতুন প্রজন্মের শিল্পীরা।
অনুষ্ঠানের মুলমঞ্চে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ইনক এর পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। 'বাংলাদেশে নারী ধর্ষণ এবং নারীর অধিকার আদায়ের সংগ্রাম' শীর্ষক এক গীত নৃতনাট্য পরিবেশিত হয়। এছাড়া ফ্যাশন শো' পরিবেশন করে নিউইয়র্কের রুনিজ ডিজায়ার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, ফকির আলমগীর এবং তাহসান।
৩১তম ফোবানা সম্মেলন প্রাঙ্গণে প্রায় চল্লিশটিরও বেশি স্টল বসেছে। স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শাড়ি, চুড়ি গয়নাসহ নানা খাবারের সমারোহ ছিল বিভিন্ন স্টলে।
ইত্তেফাক/জামান