অবসরের পর কোচিংয়ে মনযোগ দেবেন পিরলো

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সহকারি কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন ইতালির সাবেক তারকা ফুটবলার আন্দ্রে পিরলো। কোচ অ্যান্টোনিও কোন্টের সহকারি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তিনি।
 
এর আগেই চলতি বছর শেষে অবসরে যাওয়ার ঘোষণা দেন পিরলো। ডিসেম্বরে নিউইয়র্ক সিটি এফসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুনভাবে আর কোনো ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ না হওয়ার ঘোষণা দেন তিনি। ৩৮ বছর বয়সী এই ইতালিয়ান পেশাদার ক্যারিয়ারে এসি মিলান ও ‍জুভেন্তাসে ছয়টি সিরি এ ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্লাব পর্যায়ে। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ে ইতালির জার্সিতে ছিল গুরুত্বপূর্ণ অবদান। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর যুক্তরাষ্ট্রের যোগ দেন মেজর সকার লিগের ক্লাবে।
 
তবে এখন খুব একটা ফর্মে নেই পিরলো। চলতি মৌসুমে ৩২ ম্যাচের মাত্র ১৫টি খেলেছেন এই মিডফিল্ডার। সব দিক বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বরের পর আর ফুটবলার না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে সময় হয়ে গেছে। প্রতিদিন শারীরিক সমস্যায় পড়তে কে চায়, ভালোভাবে অনুশীলন না করার আঁফসোস থাকে। আমার বয়সে এটা যথেষ্ট হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত যাওয়ার কোনও কারণ নেই। আমি অন্যকিছু করব। আমি রাগ করে এই সিদ্ধান্ত নেইনি। ৩৮ বছর বয়সে এসে তরুণদের জায়গা করে দিতে হবে।’
 
ইত্তেফাক/কেআই