একদিন পিছিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট লিগ শুরুর তারিখ।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বের সূচি মোতাবেক আগামী ৩ নভেম্বর সিলেটে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছে। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) শুরু হবে বিপিএলের ৫ম আসর।’
এর মাধ্যমে প্রথমবারের মতো সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এর আগে শুধু ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
সিলেট যুক্ত হওয়ায় দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল টুর্নামেন্ট। বাকি ভেন্যু দুটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। আগামী ১২ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।বাসস
ইত্তেফাক/ইউবি