মাঠে গড়ানোর আগেই স্থগিত হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার প্রস্তাবিত টি-২০ গ্লোবাল লীগ। দক্ষিণ আফ্রিকায় প্রথম বারের মত এ টি-২০ ক্রিকেট লীগটি আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল। তবে আজই টুর্নামেন্টটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বোর্ড সভার পরপরই আজ এ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয়া হয়।
তবে টুর্নামেন্টটি নতুন করে ২০১৮ সালের নভেম্বরে শুরু করার কথা বলা হয়েছে।
মূলত দুই সপ্তাহ আগে সিএসএ এবং এর প্রধান নির্বাহী হারুণ লরগাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায়ই টুর্নামেন্টের ভাগ্য ঝুলে যায়। দুই সপ্তাহ আগে পদত্যাগ করেন লরগাত। টি-২০ গ্লোবাল লীগের মুখ্য ভূমিকায় ছিলেন লরগাত।
সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী থাবাং মোরো গত সপ্তাহে গণমাধ্যমকে জানিয়েছিলেন টুর্নামেন্টের প্রথম দুই আসর আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে সম্প্রচার চুক্তি এবং টাইটেল স্পন্সরের অভাব টুর্নামেন্টের বড় অন্তরায় বলে জানানো হয়েছিল।
এদিকে দক্ষিণ আফ্রিকার এ টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ টুর্নামেন্ট। কেননা বিপিএল সুচি অনেক আগে ঘোষণা করা হলেও হঠাৎ করেই নতুনভাবে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টের সুচি ঘোষণা করা হয়। যেখানে আন্তর্জাতিক অনেক তারকা খেলোয়াড়কেও ভেড়ানো হয়। আবার এদের অনেকেই আগে থেকে বিপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। সঙ্গত কারণেই বিপিএল নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে যান আয়োজকরা। এবার সে শঙ্কা কেটে গেল।
ইত্তেফাক/রেজা