আগামী মাসে অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ড ব্যাটসম্যানরা বাউন্সার নিয়েই বেশি অনুশীলন করছেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তারপরও ইংলিশ ব্যাটসম্যানদের বাউন্সারেই কুপোকাতের হুমকি দিলেন তিনি।
অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ভারতের বিপক্ষে চলমান টুয়েন্টি টুয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন কামিন্স। দেশে গিয়ে অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সাথে অনুশীলন করছেন তিনি। আসন্ন সিরিজের বাউন্সার দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার ইঙ্গিতও দিলেন কামিন্স।
তিনি বলেন, ‘আশা করবো আপনি অনেক বেশি বাউন্সার অনুশীলন করবেন কারণ আমরা অনেক বেশি বোলিং করবো। যদি আপনার প্রকৃত গতি থাকে তবে এটি কেউই পছন্দ করবে না। তারা স্লোয়ার উইকেটে খেলে অভ্যস্ত, খুব বেশি বাউন্স থাকে না। তাই এখানে বাউন্সারই আমাদের প্রধান শক্তি। আমরা এই উইকেটের মাঝেই বেড়ে উঠেছি এবং বোলাররা বাউন্স পাচ্ছে তাই এটি সত্যিই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা লম্বা হওয়াতে বেশ ভাগ্যবান এবং বাউন্সারের সুবিধাটা পেয়ে থাকি এবং প্রকৃত গতিতে বল করতে পারি।’
ছয় বছর আগে ১৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক ঘটে কামিন্সের। কিন্তু এরপর থেকে বিভিন্ন সময়ে ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। তাই এখন পর্যন্ত মাত্র ৫টি টেস্ট খেলেছেন কামিন্স। অল্প ম্যাচে তার পারফরমেন্স চোখে পড়ার মত।
ইতোমধ্যে ২১ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং ফিগার ৭৯ রানে ৬ উইকেট। নিজের অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন বোলিং ফিগারে চমক দেখান তিনি। এছাড়াও ৩৬ ওয়ানডেতে ৫৭ উইকেট ও ১৮ টি-২০ ম্যাচে ২৩ উইকেট নেন ২৪ বছর বয়সী কামিন্স।
আগামী ২৩ নভেম্বর থেকে গাব্বায় শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট।
ইত্তেফাক/রেজা